বিজ্ঞাপন

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার। রোববার (১০ মে) দুপুর ২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬ নম্বরের কয়লাবাহী ট্রাকটি ভাঙ্গাগেট এলাকায় আকিজ এসেনসিয়ালসের কয়লা ডিপোর দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেনটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ট্রাকচালক মনোয়ার হোসেন মারা যান।

স্থানীয়রা আহত হেলপার রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এলাকাবাসীর অভিযোগ, ভাঙ্গাগেট রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেটম্যান বা কার্যকর সতর্ক সংকেত না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এ বিষয়ে বহুবার অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলে দাবি তাদের।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রেজওয়ান বাপ্পী/এসএইচএ