বিজ্ঞাপন

আ.লীগ নেতার স্ত্রীর চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৩

আ.লীগ নেতার স্ত্রীর চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৩

ঝিনাইদহের মহেশপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ গ্রেপ্তারের পর এবার তার স্ত্রীর দায়ের করা চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে বেলা সাড়ে ১১টার দিকে সাজ্জাদ উপজেলার ১নং এসবিকে ইউনিয়নের খালিশপুর গ্রামে রাজনৈতিক সহকর্মী ফিরোজের ভাড়া বাসায় যান। ফিরোজ বাড়িতে না থাকায় তার স্ত্রীকে একা পেয়ে সাজ্জাদ ধর্ষণচেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। নারীর চিৎকারে স্থানীয় মাহবুবুর রহমান ও মিজানুর রহমানসহ কয়েকজন ঘটনাস্থলে এসে সাজ্জাদকে আটক করেন।

পরে ফিরোজ ঘটনাস্থলে এসে বিষয়টি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে সাজ্জাদ ১ লাখ টাকা দিতে রাজি হন এবং তার বাড়ি থেকে চেকবই আনিয়ে মাহবুবুর রহমানের নামে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়। পাশাপাশি বিষয়টি প্রকাশ করলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

এ ঘটনায় সাজ্জাদের স্ত্রী তহমিনা শম্পা গত ৯ মে মহেশপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হামিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাহবুবুর রহমান (৩০), মিজানুর রহমান ছোট (৩৫) ও ফিরোজকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অজ্ঞাত অন্যান্য আসামিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সম্রাট হোসেন/আরএআর

বিজ্ঞাপন