বিজ্ঞাপন

১০ হাজার টাকায় ফ্যামিলি কার্ডের আশ্বাস, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

১০ হাজার টাকায় ফ্যামিলি কার্ডের আশ্বাস, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নাটোরের লালপুরে ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে এক নারীর কাছে টাকা দাবি করে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে কাজল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

রোববার (১০ মে) রাতে এই দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অমৃতপাড়া গ্রামের রেবেকা বেগম (৪৫) নামের এক নারীর বাড়িতে যান অভিযুক্ত কাজল হোসেন। তিনি সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে রেবেকার কাছে ১০ হাজার টাকা দাবি করেন।

এতে রেবেকা বেগমের সন্দেহ হলে তিনি বিষয়টি গ্রামের লোকজনকে জানান। পরে গ্রামবাসী এসে কাজল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তিনি প্রতারণার চেষ্টা করছেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজল হোসেনকে আটক করে।

পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতারণার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়েছে।

আশিকুর রহমান/আরকে