বরগুনার পাথরঘাটা উপজেলার পৃথক দুই জায়গা থেকে লোকালয়ে চলে আসা আহত দুটি হরিণ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগের সদস্যরা। পরে হরিণ দুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় একটি বনে অবমুক্ত করা হয়।
সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাববাড়িয়া এবং দুপুর ২টার দিকে একই এলাকার কালিয়ারখাল নামক এলাকা থেকে ওই হরিণ দুটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটার গাববাড়িয়া নামক এলাকায় সুন্দরবন থেকে একটি হরিণ চলে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বন বিভাগের সদস্যরা। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই এলাকার একটি পুকুরের কিনারা থেকে হরিণটিকে জীবিত উদ্ধার করা হয়। তবে, হরিণটির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখা যায়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা ও খাবার খাইয়ে হরিণটিকে স্থানীয় একটি বনে অবমুক্ত করা হয়।
পরবর্তীতে দুপুরের দিকে আবারও পাথরঘাটার কালিয়ারখাল নামক এলাকায় আরও একটি হরিণ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে ওই হরিণটিকেও উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় বনে অবমুক্ত করেন বন বিভাগের সদস্যরা।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সুন্দরবন থেকে লোকালয়ে আসা দুটি হরিণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সুন্দরবনের বনে অবমুক্ত করা হয়েছে। তবে, কী কারণে হরিণ লোকালয়ে এসেছে এবং শরীরের ক্ষত হয়েছে, সে বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।
আব্দুল আলীম/এসএইচএ
