ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আবদুর রহিম (৩০) নামে এক যুবক রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হয়েছেন। তিনি রুশ বাহিনীর হয়ে ভাড়াটে যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন।
নিহত আবদুর রহিম উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত বছর কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান রহিম। পরে তিনি রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে যোগ দেন।
পুটিজানা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. আফরোজা আক্তার আবদুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আপনি যখনই নামটা বলেন, তখনই আমার কলিজাটা কেঁপে ওঠে। আব্দুর রহিম আমার আত্মীয়। আমরা চাই সরকার দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করুক।
জানা গেছে, গত ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আবদুর রহিম এবং কিশোরগঞ্জের রহিমগঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৮)। একই হামলায় লিমন দত্ত নামে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন এবং একটি পা হারিয়েছেন।
সাখাওয়াত সুমন/আরএআর
