বিজ্ঞাপন

সংস্কৃতি প্রতিমন্ত্রী

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রকল্পটি বুধবার একনেকে সভার কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, আশা করি প্রকল্পটি অনুমোদন পাবে। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে মেগা প্রকল্পটিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। উভয় প্রকল্পের ব্যাপারেই মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে।

তিনি বলেন, প্রকল্প দুটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক, কৃষি, শিল্প, যোগাযোগসহ সব ক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়ন খাল খনন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তির প্রকল্প হচ্ছে এই খাল পুনর্খনন কর্মসূচির মাধ্যমে কৃষকরা তাদের জমিতে সেচের জন্য পর্যাপ্ত পানি পাবে, পাট মৌসুমে পাট জাগ দিতে পারবে। এ ছাড়া, মাছ চাষসহ বিভিন্নভাবেই খালের পানি উপকারে আসবে। গোয়ালন্দে আজকের এই দুটি খাল খননের মধ্য দিয়ে রাজবাড়ী জেলায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ খাল এই কার্যক্রমের আওতায় আনা হবে।

জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপি কর্মসূচির আওতায় রাজবাড়ীর গোয়ালন্দে খাল পুনর্খনন প্রকল্পে আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে বিশ্বনাথ পাড়া বেড়িবাঁধ অভিমুখী ১.৬৮০ কি. মি. দৈর্ঘ্য ও ২১ লাখ ৬৭ হাজার ১৭২ টাকা ব্যয় এবং হাবিল মন্ডল পাড়া হতে ছলিম মাতুব্বরের বাড়ি অভিমুখী ০.৯৩০ কি. মি. ২৭ লাখ ৭ হাজার ৮৯০ টাকা ব্যয়ে এ খাল পুনর্খননের কাজ সম্পন্ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আমজাদ হোসেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

খাল খনন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী খালের আশপাশে ফলদ ও বনজ ওষুধী গাছ রোপণ করেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে