বিজ্ঞাপন

সাবেক মেয়রের মায়ের নামে নির্মিত পার্ক অপসারণে বিসিসির অভিযান

সাবেক মেয়রের মায়ের নামে নির্মিত পার্ক অপসারণে বিসিসির অভিযান

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল নগরীর চৌমাথা এলাকায় নির্মিত সাহান আরা বেগম পার্ক অপসারণে অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের কর্মীরা বুলডোজার দিয়ে পার্কটির বিভিন্ন স্থাপনা ভাঙার কাজ শুরু করেন। পরে পুরো এলাকা পরিষ্কার করার কার্যক্রমও শুরু হয়।

পার্কটি বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা সাহান আরা বেগমের নামে নির্মাণ করা হয়েছিল। বরিশাল সিটি করপোরেশনের প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পার্কটি ঢাকা-কুয়াকাটা জাতীয় মহাসড়কের ওপর সরকারি জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, স্বৈরাচার সরকারের আমলে বিনাভোটের মেয়র সাদিক আব্দুল্লাহ জনগণের টাকায় নিজের মায়ের নামে এই পার্ক নির্মাণ করেছিলেন। পার্কটির কারণে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। ৫ আগস্টের পর ছাত্র-জনতা পার্কটির একটি অংশ ভেঙে ফেলে। এখন জনগণের দাবির প্রেক্ষিতে আমরা পুরো স্থাপনাটি অপসারণ করছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা বুলডোজার দিয়ে পার্কটির বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেয়। ওই সময় সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যও অপসারণ করা হয়।

সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ঢাকা-কুয়াকাটা জাতীয় মহাসড়কের প্রায় ১১ কিলোমিটার অংশ বরিশাল নগরীর ভেতর দিয়ে গেছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের এ মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সে কারনেও পার্কটি অপসারণ করা জরুরি ছিল।

স্থানীয় বাসিন্দারা জানায়, পার্কটি নির্মাণের কারণে অন্তত ৫০টি পরিবারের চলাচলের সহজ পথ বন্ধ হয়ে যায়। একইসঙ্গে ব্যস্ত মহাসড়কের মাঝখানে পার্কে যাতায়াত করতে গিয়ে শিশু ও পথচারীরা ঝুঁকির মধ্যে পড়ছিলেন।

এএমকে