বিজ্ঞাপন

লাটাহাম্বারে ব্যাগ জড়িয়ে মোটরসাইকেল থেকে ছিটকে কলেজছাত্রীর মৃত্যু

লাটাহাম্বারে ব্যাগ জড়িয়ে মোটরসাইকেল থেকে ছিটকে কলেজছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়ুহুদায় চলন্ত মোটরসাইকেল ছিটকে থেকে পড়ে আঞ্জুমান আরা (২১) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার মোক্তারপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জুমান আরা দামুড়ুহুদা সদর ইউনিয়নের কুনিয়া চাঁদপুর মাদরাসাপাড়ার আয়নালের মেয়ে এবং চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নিহতের খালাতো ভাই সোহাগ বলেন, খালাতো বোনকে নিয়ে আমি মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে মুন্সিপুরে নানির বাড়িতে যাচ্ছিলাম। পথে মোক্তারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ একটি লাটাহাম্বারের সঙ্গে আঞ্জুমান আরার কাঁধে থাকা ব্যাগ জড়িয়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দামুড়ুহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আঞ্জুমান আরা নামের এক তরুণীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের সরকারি একাধিক নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।

আফজালুল হক/এসএইচএ