গাজীপুরের শ্রীপুরে গজারী বনের ভেতর থেকে আসিফ হোসেন (২১) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ী এলাকার গজারি বন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসিফ জেলার শ্রীপুর উপজেলার ডোয়াইবাড়ি বগারভিটা উত্তরপাড়া এলাকার হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে।
নিহতের স্ত্রী মিরজানা আক্তার মিম জানান, গতকাল বুধবার দুপুরে খাবার শেষে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় আসিফ। ফেরার সময় সন্তানের জন্য দুধ, স্ত্রী ও মায়ের জন্য কাপড় আনার কথা ছিল। রাত ১০টায় আসিফ বাড়ি না ফিরলে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে পরিবার। মধ্যরাত পর্যন্ত মোবাইলে তাকে না পেয়ে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করেন স্বজনরা।
বৃহস্পতিবার সকালে নিহতের শ্যালক জিসান গজারি বনের ভেতর আসিফের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশে জানানো হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় আসিফের অটোরিকশা পাশেই পরিত্যক্ত বাড়ির উঠানে পাওয়া যায়।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে নারীর পায়ে স্পঞ্জ স্যান্ডেল ও পুরুষের দুই জোড়া স্যান্ডেল, মাথার ক্যাপ, একটি হলুদ ওড়না পাওয়া গিয়েছে। নিহতের ডান হতে কুনুইতে কামড়ের দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আশিকুর রহমান/এসএইচএ
