ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ঝড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় ঝড়ো বাতাসে ছিঁড়ে পড়ে থাকা একটি বিদ্যুতের তার খড়ের নিচে চাপা পড়ে ছিল, যা তিনি বুঝতে পারেননি। একপর্যায়ে ওই তারে স্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পাশ দিয়ে মাঠে কাজে যাওয়ার সময় তাজউদ্দিনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে যান আরশব আলী। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।
ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। নিহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত সুমন/এসএইচএ
