বিজ্ঞাপন

রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুইসদস্য গ্রেপ্তার

রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুইসদস্য গ্রেপ্তার

জামালপুরে রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (১৫ মে) দুপুরে জামালপুর পৌর শহরের দাপুনিয়া পুরাতন জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব আহমেদ। 

গ্রেপ্তার আসামিরা হলেন, দাপুনিয়া এলাকার মো. মিনাতুর রহমান (২৫) ও মো. শাকিব (২৪)।

র‌্যাব জানায়, রেলওয়ের টিকিট কালোবাজারি ও যাত্রীদের হয়রানির প্রতিরোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার দুপুরে শহরের দাপুনিয়া পুরাতন জামে মসজিদ এলাকা থেকে টিকিট কালোবাজারি চক্রের ওই দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের সাতটি ট্রেনের ১২টি টিকিট, ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩টি সিম উদ্ধার করা হয়। উদ্ধার টিকিটের মূল্য ৫ হাজার ৮০০ টাকা। 

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কাউন্টার থেকে ট্রেনের টিকিট হাতিয়ে নিয়ে এবং অবৈধ উপায়ে অধিক মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। ঈদ বা বিশেষ উৎসবের সময় তারা যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে চড়া দামে টিকিট বিক্রি করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলার দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাঁধন হোসেন/জেআই/এমএসএ