বিজ্ঞাপন

একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে ভাসছে প্রবাসীর পরিবার

একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে ভাসছে প্রবাসীর পরিবার

নরসিংদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। শুক্রবার (১৫ মে) দুপুরে শহরের পায়রা চত্বরে অবস্থিত পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি ছেলে ও একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসূতি মর্জিনা বেগম (২২) সদর উপজেলার করিমপুর এলাকার প্রবাসী আশিকুর রহমানের স্ত্রী।

একসঙ্গে তিন নবজাতকের আগমনে পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা। এমন খবরে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে। 

ক্লিনিকটির পরিচালক আরিফুল ইসলাম আবির জানান, গাইনি সার্জন ডা. সুমাইয়া আজরীনের নেতৃত্বে সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়। চিকিৎসকদের জন্য এটি কিছুটা জটিল অপারেশন হলেও অভিজ্ঞ টিমের কারণে মা ও শিশুদের নিরাপদ রাখা সম্ভব হয়েছে।

তিনি বলেন, মা ও তিন নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছে। চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তাদের রাখা হয়েছে, যাতে কোনো ধরনের জটিলতা দেখা না দেয়।

একসঙ্গে তিন সন্তান জন্মের সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করেন স্বজন ও উৎসুক মানুষজন। অনেকেই নবজাতকদের একনজর দেখতে হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালের পরিবেশেও দেখা যায় উৎসবের আমেজ।

প্রসূতির বাবা আব্দুল হেকিম বলেন, প্রথমে অনেক ভয় পেয়েছিলাম। পরে যখন শুনলাম আমার মেয়ে সুস্থভাবে দুটি ছেলে ও একটি মেয়ের জন্ম দিয়েছে, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। এখন আমরা সবাই অনেক খুশি।

প্রসূতির মা মাফিয়া বেগম বলেন, আমার মেয়ের ঘর আলো করে একসঙ্গে তিন সন্তান এসেছে। আমরা অনেক আনন্দিত। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে বড় হতে পারে।

চিকিৎসকদের মতে, একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনা তুলনামূলক বিরল। তবে সময়মতো চিকিৎসা ও সঠিক পরিচর্যা পেলে মা ও নবজাতকরা সুস্থ থাকে। বর্তমানে মা ও তিন শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আমিনুর রহমান/জেআই/এমএসএ 

বিজ্ঞাপন