বিজ্ঞাপন

ফরিদপুরে মাদক মামলার হাজতির মৃত্যু

ফরিদপুরে মাদক মামলার হাজতির মৃত্যু

ফরিদপুর জেলা কারাগারের শাহ্ আলম (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহ্ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে আসেন। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে শাহ্ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। তাকে জেলখানার হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তবে গতকাল (রোববার) রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলার আসামি শাহ্ আলম নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি বলেন, মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

জেল সুপার আরও বলেন, এ ব্যাপারে জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় আজ (সোমবার) সকালে একটি অপমৃত্যুর মামলা করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জহির হোসেন/এএমকে

বিজ্ঞাপন