বিজ্ঞাপন

সুনামগঞ্জে তরুণীকে গণধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জে তরুণীকে গণধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জের ছাতকে তরুণীকে গণধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১৮ মে) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ছাতক উপজেলার হাসামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মতিউর রহমান মতিন, খোয়াজ আলীর ছেলে দিলদার হোসেন এবং কামারগাঁও গ্রামের হাবিবুর ইসলামের ছেলে বিল্লাল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ছাতকের ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হাসামপুর গ্রামের মতিউর রহমান ও দিলদার হোসেন। পরে উপজেলার সিংচাপইড় গ্রামের এক আত্মীয়ের বাড়িতে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এরপর আসামি বিল্লালসহ আরও এক যুবক ভুক্তভোগী তরুণীকে অন্য গ্রামে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় তিন অভিযুক্তসহ পাঁচজনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর ভাই। দীর্ঘ শুনানি শেষে সোমবার এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।

রায় ঘোষণার সময় মতিউর রহমান ও দিলদার হোসেন আদালতে উপস্থিত থাকলেও দণ্ডিত অপর আসামি বিল্লাল পলাতক রয়েছেন বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. শামসুর রহমান। এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

তামিম রায়হান/আরএআর

বিজ্ঞাপন