বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মিন্টু শেখ (৪৬) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপে নিহতের ডান হাত বিচ্ছিন্ন হয়েছে ও ডান পায়ের রগ কেটে গিয়েছে।
সোমবার (১৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর গ্রামের এ হামলার ঘটনা ঘটে। রাতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নিহত মিন্টু শেখ বোলপুর গ্রামের আব্দুল অহেদ শেখের ছেলে। দীর্ঘদিন ধরে একই এলাকার মোহসিন শেখের সাথে মিন্টুর পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
নিহতের ভাই মিজান শেখ জানান, সোমবার বিকেল ৪টার দিকে কাজ শেষে করে বাড়ির ফিরছিলেন মিন্টু শেখ। পূর্ব বিরোধের জেরে মোহসিন শেখেসহ ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে আচমকা হামলা চালায় তার উপরে। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা মিন্টুর ডান হাত কেটে নিয়ে গিয়েছে বলে জানান তিনি।
মিজান শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভাইকে কুপিয়ে পালিয়ে যাচ্ছে হামলাকারীরা। তখনও ভাই অল্প কথা বলতে পারছিল। যারা হামলা করেছে তাদের কয়েকজনের নামও বলে। মোহসিন শেখ, মুরাদ, সাইয়াদ, লিওন, কামরুল, দুলাল শেখ, তবি ও আরও কয়েকজন।
নিহতের চাচাতো ভাই রফিজ শেখ বলেন, আমাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আগেও তারা আমাদের কয়েকবার হুমকি দিয়েছে। হাত কেটে ওদের সাথে নিয়ে গিয়েছে। সবখানে খুঁজেছি কিন্তু হাতটি পাইনি।
স্থানীয় যুবক রিয়াদ শেখ বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি একটা হাত নেই, পা ও না থাকার মতো সামান্য ঝুলে আছে। মাথায় কোপের দাগ রয়েছে। ওই অবস্থা দেখেই বুঝতে পেরেছি মিন্টু হয়তো মারা যাবে। পরে তাকে তাড়াতাড়ি হাসপাতলে নেওয়া হয়।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সোহেলুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মিন্টু শেখের মৃত্যু হয়। তার ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন ছিল এবং পায়ের রগ কেটে বিচ্ছিন্ন করা ছিল।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এখনও। যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।
শেখ শামীম হাসান/এসএইচএ
