বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, সংবাদ দেখে শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, সংবাদ দেখে শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ধানমাড়াই মেশিনের (বঙ্গা) মুখোমুখি সংঘর্ষে উম্মে কুলসুম (৫৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উম্মে কুলসুম উপজেলার দর্গাপাড়া এলাকার বাসিন্দা এবং বদলগাছী লাবণ্য প্রভা পাইলট কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি উপজেলার গোড়শাহী এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌঁছালে মাতাজিহাট থেকে আসা ধানমাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম মারা যান।

এদিকে শিক্ষিকার মৃত্যুর সংবাদ ফেসবুকে দেখে জ্ঞান হারিয়ে তাসনিম (১৪) নামে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত তাসনিমের বাবা আবুল কালাম আজাদ বলেন, আমার মেয়ে ফেসবুকে শিক্ষিকা কুলসুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বদলগাছী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, শিক্ষার্থী কোনো আকস্মিক ঘটনা দেখে জ্ঞান হারিয়ে থাকতে পারে। তবে এখনই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন এলে সঠিক কারণ জানা যাবে।

বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শিক্ষিকার মৃত্যুর সংবাদ দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মনিরুল ইসলাম শামীম/আরএআর