বিজ্ঞাপন

মামাতো বোন পালিয়ে যাওয়ার ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

মামাতো বোন পালিয়ে যাওয়ার ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরের চৌগাছায় নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ঝন্টু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আশানুর রহমান (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার মাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঝন্টু ওই গ্রামের শফিয়ার রহমানের ছেলে। আহত আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঝন্টুর মামাতো বোন অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে দক্ষিণ সাগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু উবাইদসহ অজ্ঞাতনামা ২-৩ জনের সঙ্গে ঝন্টু ও আশানুর রহমানের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আবু উবাইদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে ঝন্টু ও আশানুর রহমানকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঝন্টুর বুকের বাম পাশে দুটি এবং আশানুর রহমানের বুকের মাঝখানে একটি গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহমিদা ইয়াসমিন জ্যোতি জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ঝন্টু মারা গেছেন। আহত আশানুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রেজওয়ান বাপ্পী/এসএইচএ
 

বিজ্ঞাপন