খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসক ও নার্সসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (২০ মে) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইমারজেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. দিলীপ কুমার বলেন, আজ সকাল ৫টা ৫০ মিনিটে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোস্ট অপারেটিভ রুম এবং পাশের স্টোর রুমের কোনো একটিতে শর্টসার্কিট হতে পারে। এতে এসির আউটডোর এবং পরে অক্সিজেন আউটডোরে আগুন লেগে যায়। অক্সিজেন আউটডোরের মুখে আগুন লাগার কারণে হয়তো দরজা বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওটিতে থাকা দুইজন নার্স ও একজন চিকিৎসক জালানা দিয়ে লাফ দিয়েছেন। তিনজনই চিকিৎসাধীন রয়েছেন। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওটি বিভাগে ১৫টি সিটেই রোগী ছিল। আগুন লাগার পরপরই রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা মেডিকেল হাসপাতালের সব রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে খুলনা মেডিকেলসহ খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য স্বজনরা নিয়ে গেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, কী কারণে আগুন লেগেছে এখনও জানা যায়নি। তবে আগুনের কারণে হাসাপাতালে অক্সিজেন সাপ্লাই ব্যহত হওয়ায় এ মুহূর্তে সব ধরনের অপারেশন বন্ধ রাখা হয়েছে। দ্রুত ঠিক করার চেষ্টা করা হচ্ছে।
মোহাম্মদ মিলন/আরকে
