ফরিদপুরের সালথা উপজেলায় ৯ বছরের এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার একটি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।
এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. খায়ের দাঈ (৩৫)। তিনি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামের মমিন দাঈয়ের ছেলে; পেশায় একজন মুদি দোকানি।
ভুক্তভোগী শিশুটির মা জানান, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যায় খায়ের। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।
স্থানীয়রা জানায়, এ ঘটনা স্থানীয়রা দেখে ফেললে অভিযুক্ত খায়েরকে একটি ঘরে আটকে রাখেন। পরে কৌশলে সে ঘর থেকে পালিয়ে যায়।
পরে এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যাক্তিকে আমরা আটকের চেষ্টা করছি।
জহির হোসেন/ডিএ
