টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। তারা মোটরসাইকেলের আরোহী ছিল।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লিমনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান সাইমনও।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, সকালে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও বাকি দুইজনের মধ্যে একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং দুপুর আড়াইটার দিকে ঢাকায় নেওয়ার পথেই আরেকজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরিফুল ইসলাম/এসএইচএ
