বিজ্ঞাপন

শেষ মুহূর্তের ঈদযাত্রা

বৃষ্টির পর গাজীপুর মহাসড়কে ফিরেছে স্বস্তি

বৃষ্টির পর গাজীপুর মহাসড়কে ফিরেছে স্বস্তি

টানা কয়েক ঘণ্টার বৃষ্টি শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অনেকটাই কমেছে যানজট। এতে ঘরমুখী মানুষ শেষ মুহূর্তের যাত্রায় স্বস্তির দেখা পেয়েছে। তবে সকাল থেকে ঝুম বৃষ্টিতে অনেকেই ভিজে জবুথবু হয়ে গেছে। সীমাহীন দুর্ভোগ আর জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ফেরা লাখো মানুষের চোখে তবুও দেখা যাচ্ছে উচ্ছ্বাস।

বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরাঞ্চলের প্রবেশধদ্বার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গিয়ে দেখা গেছে, অনেকটাই কমেছে যানজট। শেষ মুহূর্তে সড়কে নেই যাত্রী ও যানবাহনের চাপ। বৃষ্টিতে ভিজে অনেকেই ভাড়া মিটিয়ে উঠে যাচ্ছে পরিবহনে।  

এর আগে গত সোমবার ও মঙ্গলবার গাজীপুরের প্রায় ৩ হাজার শিল্প কারখানা দুই ধাপে ছুটি ঘোষণা করা হয়। ছুটি পেয়ে কয়েক লাখ কর্মজীবী মানুষ জেলার কোনাবড়ী, চৌরাস্তা, টঙ্গী, রাজেন্দ্রপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী, কালিয়াকৈর মাওনা এলাকা থেকে আপন ঠিকানায় যেতে শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টানা যানজট সৃষ্টি হয়। দুই দিন যাত্রী ও পরিবহনের চাপ শেষে বুধবার সকাল থেকে এ পথে স্বস্তি ফিরেছে।

চন্দ্রা ত্রিমোড়ে উত্তরবঙ্গগামী শাহ ফাতেহ আলী পরিবহন বাসের চালক গোলাম মুস্তফা ঢাকা পোস্টকে বলেন, গত দুই দিন তো যানজটের মধ্যে দিয়েই গেল। আজ গাজীপুরের সড়ক অনেকটা ফাঁকা। এখন যাত্রীর চাপ এবং গাড়ির চাপ কোনটাই নাই।

সোহেল মিয়া নামে এক যাত্রী বলেন, রাস্তা এখন অনেক ফাঁকা। ভাড়া নিয়েও এখন আর কোনো তর্কবিতর্ক নেই।বাসের হেল্পাররা ডেকে ডেকে যাত্রী তুলছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, গাজীপুরের মহাসড়কে যানজট কমে গেছে। এখন আর কোনো ভোগান্তি নেই। আমাদের পুলিশ সদস্যরা সন্ধ্যা পর্যন্ত থাকবে।

আশিকুর রহমান/আরকে

বিজ্ঞাপন