বিজ্ঞাপন

নীলফামারীতে পৃথক ঘটনায় শিক্ষকসহ ২ জনের মৃত্যু

নীলফামারীতে পৃথক ঘটনায় শিক্ষকসহ ২ জনের মৃত্যু

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে ডোমার উপজেলার বড় রাউতা এলাকা ও দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের চৌকিদারপাড়া গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।   

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে ও জলঢাকা আলহেরা এডুকেয়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র রায় (৩০) ও ডোমার উপজেলার বড় রাউতা এলাকা সাঈদ আলীর মেয়ে শাপলা বেগম (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মায়ের কাছে ঈদের নতুন জামা কিনে চায় শাপলা বেগম। এতে মা দিতে পারবে না জানালে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে আজ সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তা দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অপরদিকে শ্যামল চন্দ্র রায় দুপুরের দিকে মেশিনে ভুট্টা ভাঙার কাজ করছিলেন। এসময়ে মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেনেট বাবু বিষয়টি নিশ্চিত করেন। 

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা বলেন, এক তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ