দিনাজপুরের ঘোড়াঘাটে মায়ের সঙ্গে ঈদের দিন সকালে বাড়ি ফেরার পথে আব্দুল্লাহ (৪) ও আরিফা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশুর মা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২৭ মে) ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাড়ো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা (৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে ঈদের দিন সকালে হালকা বৃষ্টির মধ্যে সিএনজি যোগে দুই শিশু মায়ের সঙ্গে গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার দিকে যাচ্ছিল। এ সময়ে সিএনজিটি কানাগাড়ি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে উল্টে পড়ে যায়। এ সময়ে গাড়িতে থাকা দুই শিশুসহ তাদের মা গুরুত্বর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে
