বিজ্ঞাপন

আড়াইহাজারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল ২ হাজার মানুষ

আড়াইহাজারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল ২ হাজার মানুষ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

শুক্রবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত হাজিরটেক ঈদগাহ মাঠে কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়। স্থানীয় নারী, পুরুষ ও বৃদ্ধরা এ সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও মদনপুর দি বারাকাই হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডা. আব্দুল মালেক। বিশেষ আলোচক ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মোবারক হোসাইন।

এসময় বক্তব্য দেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন চৌধুরী সালামত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাপাহাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মহিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান আলী বেপারী। এছাড়া উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন তদন্ত কেন্দ্রের এসআই ও ইনচার্জ মো. ফরহাদ হোসেন, কালাপাহাড়িয়া উন্নয়ন ফোরামের উপদেষ্টা সফর আলী, সাইফুল ইসলাম, আব্দুল হামিদ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. আব্দুল মালেক বলেন, গ্রামের সাধারণ মানুষ অনেক সময় অর্থের অভাবে কিংবা সচেতনতার ঘাটতির কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারেন না। বিশেষ করে বৃদ্ধ ও নিম্নআয়ের মানুষরা নানা রোগে ভুগলেও চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাদের কথা চিন্তা করেই আমাদের এ বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, অনেক দিন ধরে শরীরের বিভিন্ন সমস্যায় ভুগছিলাম। হাসপাতালে যেতে খরচ লাগে বলে চিকিৎসা করাতে পারিনি। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে খুব উপকার হয়েছে। ডাক্তাররা ভালোভাবে কথা শুনে পরামর্শ দিয়েছেন।

আরেক সেবাগ্রহীতা আব্দুল ওহাব বলেন, এ ধরনের আয়োজন গ্রামাঞ্চলের মানুষের জন্য খুবই প্রয়োজন। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় অনেক মানুষ উপকৃত হয়েছেন। বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পেয়ে আমরা খুশি।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে মদনপুরের দি বারাকাহ হাসপাতাল।

মো.মীমরাজ হোসেন/এসএইচএ 

বিজ্ঞাপন