ভোলায় জমির বিরোধকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. মাইনুদ্দিন (৩২) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই মনির হোসেন অভিযোগ করে বলেন, জমির বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মাইনউদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কিছু বুঝে ওঠার আগেই প্রতিবেশী ফয়েজউল্লাহ ও তার ছেলে হেলাল, বেলাল ও তানজিল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরবর্তীতে আহত মাইনুদ্দিন ডাক-চিৎকার দিলে তার পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা নেছারউল্লাহ অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে ফয়েজউল্লাহ ও তার ছেলেরা এবং তার লোকজন। দীর্ঘদিন ধরে তারা আমাদেরকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। আজকে আমার ছেলেকে তারা কুপিয়ে হত্যা করেছে, আমি এর বিচার চাই।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।
মো. খাইরুল ইসলাম/এএমকে
