বিজ্ঞাপন

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

নেত্রকোণার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিক হোসেন।

নিহতরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত একজন মোটরসাইকেল চালক। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর একজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিক হোসেন বলেন, শুক্রবার দুই বন্ধু একটি মোটরসাইকেল ভাড়া করে ঘুরতে বের হন। রাতের বেলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেলের চালক ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। নিহত দুজনের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে।

চয়ন দেবনাথ মুন্না/এএমকে