নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত বিভাটেক রিকশার চালক ও এক শিশুযাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) বেলা ১২টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের মনোরটেক এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার চক্রধা ইউনিয়নের লাকুশি গ্রামের খোরশেদ শেখের ছেলে মো. রুবেল শেখ (১৭) এবং আল আমিন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১২)। রুবেল দুর্ঘটনাকবলিত বিভাটেক রিকশার চালক এবং জুনায়েদ ছিল যাত্রী।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লাকুশি গ্রাম থেকে রুবেল শেখের চালিত বিভাটেক রিকশায় তার মা মাহফুজা আক্তার ও জুনায়েদ মিয়া শিবপুর সদরের উদ্দেশে রওনা হন। এ সময় শিবপুর থেকে মনোহরদীর দিকে যাওয়া একটি প্রাইভেটকারের সঙ্গে মনোরটেক এলাকায় আঞ্চলিক সড়কে উঠার পর রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে রিকশার তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই জুনায়েদ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত রুবেল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোসতানশির বিল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে শিশু জুনায়েদকে মৃত অবস্থায় পাওয়া যায়। রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছিল। পরে জানা যায়, পথেই তার মৃত্যু হয়েছে।
এদিকে খবর পেয়ে শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল মোস্তফা নিহতদের বাড়িতে গিয়ে দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমিনুর রহমান সাদী/এসএইচএ
