বিজ্ঞাপন

ঈদের ফিরতি যাত্রায় বরিশালে প্রস্তুত ৬টি বিলাসবহুল লঞ্চ

ঈদের ফিরতি যাত্রায় বরিশালে প্রস্তুত ৬টি বিলাসবহুল লঞ্চ

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হতে এখনও একদিন বাকি থাকলেও কর্মস্থলে যোগ দিতে আগেভাগেই ঢাকামুখী হতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ। শনিবার (৩০ মে) দুপুরের পর থেকেই বরিশাল নৌবন্দর ও লঞ্চঘাট এলাকায় যাত্রীদের ভিড় বাড়তে দেখা গেছে।

সরকারি ঘোষণা অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি চললেও ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন অফিসে সময়মতো যোগদান নিশ্চিত করতে অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যাত্রীদের চাপ সামাল দিতে শনিবার রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে ছয়টি বড় যাত্রীবাহী লঞ্চ।

এগুলো হলো- মানামী, সুন্দরবন-১৬, সুরভী-৭, পারাবত-১৮, অ্যাডভেঞ্চার-৯ এবং এম খান-৭। এছাড়াও ঝালকাঠি থেকে ভায়া বরিশাল হয়ে ঢাকা যাবে একটি লঞ্চ।

দুপুরের পর থেকেই অনেক যাত্রীকে লঞ্চের ডেকে চাদর, মাদুর ও ব্যাগপত্র রেখে জায়গা দখল করতে দেখা গেছে। কেউ পরিবার নিয়ে, আবার কেউ একাই দীর্ঘ সময় ধরে লঞ্চের ডেকে অপেক্ষা করছেন।

বরিশাল নগরীর বন্দর রোড এলাকায় কথা হয় ঢাকাগামী যাত্রী মো. রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন,  সোমবার সকালেই অফিসে গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। তাই একদিন ছুটি বাকি থাকলেও আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। শেষ মুহূর্তের ভিড় এড়াতেই আগে চলে যাচ্ছি।

উজিরপুর থেকে আসা বেসরকারি চাকরিজীবী সোহেল রানা বলেন, ঈদ পরিবারের সঙ্গে আনন্দে কেটেছে। কিন্তু চাকরির দায়িত্বের কারণে আগেই ফিরতে হচ্ছে। বিকেলেই লঞ্চে উঠে জায়গা নিশ্চিত করেছি।

যাত্রী নাজমা বেগম বলেন, ছোট সন্তান নিয়ে ভ্রমণ করছি। রাতে ভিড় বাড়লে সমস্যা হতে পারে ভেবে আগেই লঞ্চে উঠে বসেছি। এখন লঞ্চ ছাড়ার অপেক্ষায় আছি।

লঞ্চঘাট এলাকায় দায়িত্বরত কয়েকজন কর্মচারী জানান, ঈদের আগে যেভাবে মানুষ বাড়ি ফিরেছিল, এখন ধীরে ধীরে ঢাকামুখী যাত্রীর সংখ্যাও বাড়ছে। শনিবার রাত থেকে যাত্রীর চাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে তারা মনে করছেন।

এদিকে নৌবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নদীবন্দর পরিদর্শন করতে দেখা গেছে।

এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহন না করা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রস্তুত রাখা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদারকি করছে।

ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করা মানুষের পদচারণায় শনিবার বিকেল থেকেই সরগরম হয়ে উঠেছে বরিশাল লঞ্চঘাট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখী যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ বরিশাল নদীবন্দর থেকে ছয়টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া ঝালকাঠি থেকে একটি লঞ্চ ছেড়ে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। নদীবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আশা করছি, যাত্রীরা নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারবে। 

এসএইচএ