সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ঘের মালিক। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী ঘের মালিক গাজী কামরুল ইসলাম জানান, মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলে ৬০ বিঘা জমি ছয় বছরের জন্য লিজ নিয়ে তিনি মাছের ঘের পরিচালনা করে আসছেন। এর মধ্যে দুই বছর অতিবাহিত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘেরটি দখলের চেষ্টা করে আসছিলেন।
তার দাবি, ঘের দখলে ব্যর্থ হয়ে শুক্রবার (২৯ মে) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘেরের ক্যানেলে বিষ প্রয়োগ করে। এতে ক্যানেলে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। তিনি এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।
গাজী কামরুল ইসলামের অভিযোগ, এর আগেও একই প্রতিপক্ষ ঘেরের বেড়িবাঁধ কেটে ক্ষতিসাধন এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। এ ঘটনায় তিনি তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইব্রাহিম খলিল/এমটিআই
