ঈদুল আজহার ছুটির শেষ দিন থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। রোববার (৩১ মে) সকাল ৯টা দুপুর ১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অবস্থান করে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ফেরিঘাটে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন সরাসরি ফেরিতে উঠতে পারছে। অপরদিকে লঞ্চ ঘাটেও যাত্রীদের চাপ ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও যাত্রা নিরাপদ করতে ফেরিঘাটে বাস থেকে যাত্রী নামিয়ে খালি বাস ফেরিতে উঠানো হচ্ছে। সচেতনতায় কাজ করছে নৌপুলিশসহ ঘাট সংশ্লিষ্টরা। যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ।
ঢাকমুখী কয়েকজন যাত্রী জানান, এবার ঈদুল আজহায় ভোগান্তি ছাড়াই তারা ঈদ করতে বাড়িতে যেতে পেরেছেন এবং ঈদ শেষে একইভাবে তারা কর্মস্থলে ফিরছেন। এবারের ঈদযাত্রার ব্যবস্থাপনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল থেকেই সকল সরকারি অফিস খুলবে। ছুটির শেষ দিন থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে ঘাটে তেমন যাত্রী ও যানবাহনের চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পর থেকে ঘাটে চাপ বাড়বে। আজ যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর
