বিজ্ঞাপন

পদ্মা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পদ্মা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহালাবাড়ী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলো, জামালের ছেলে সাফি ও কামালের ছেলে জুনাঈদ। তারা দুজন নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে আপন চাচাতো ভাই। এ ছাড়া, তারা ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে সাফি ও জুনাঈদ বাড়ির অদূরে পদ্মা নদীর বহালাবাড়ী ঘাটে গোসল করতে যায়। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তাদের দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই নদী থেকে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এর প্রায় দেড় ঘণ্টা পর অন্য শিশুটিরও নিথর দেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা কাউসার বলেন, সাফি ও জুনায়েদ আপন চাচাতো ভাই। জুনায়েদের বাবা কামাল দিনাজপুরে ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজকে দুই চাচাতো ভাই নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

মো. আশিক আলী/এএমকে