বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ না করে অশালীন নৃত্য-গান ও আনন্দ উৎসবে মেতে ওঠার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুর আলম মেম্বার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দেশজুড়ে দলীয় কর্মসূচি পালন করা হয়। কিন্তু আক্কেলপুরের সোনামুখী ইউনিয়ন বিএনপির ওই দুই নেতা সেই দিনে কোনো দলীয় কর্মসূচি পালন করেননি। উল্টো তারা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীসহ জেলা বিএনপির শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে অশালীন নৃত্য-গানসহ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেন।
দলীয় এই কর্মকাণ্ডকে শৃঙ্খলা ও আদর্শবিরোধী এবং সংগঠনের ভাবমূর্তির জন্য ক্ষতিকর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে তাদের দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর মতো একটি শোকাবহ দিনে দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে তারা কনসার্ট করেছেন, যা কাম্য নয়। এতে তারা দলের শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের মর্যাদা রক্ষার্থে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে বহিষ্কৃত দুই নেতার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
চম্পক কুমার/এসএইচএ
