বিজ্ঞাপন

এমপি হলেও অফিসিয়ালি আমি কিন্তু প্রতিমন্ত্রী : ডা. তাহের

এমপি হলেও অফিসিয়ালি আমি কিন্তু প্রতিমন্ত্রী : ডা. তাহের

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এখন আমাকে কেউ যদি কনডেম করে এমপি হওয়ার দোষে, এমপি হইছি এটা একটা দোষ না? আমি কিন্তু এখন এমপি না। আমি কিন্তু প্রতিমন্ত্রী। অফিসিয়ালি আমি প্রতিমন্ত্রী।

রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, প্রতিমন্ত্রী হলেও পার্লামেন্টের লিডার অব দি অপজিশন, ডেপুটি লিডার অব দি অপজিশন মন্ত্রীদের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা ৭ তারিখে পার্লামেন্ট খুললে দেখবেন আমি কতবার কথা বলি, আর মন্ত্রীরা মাসে একবার কথা বলবে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির চেয়ে আমরা ১০ পার্সেন্ট ভোট কম পেয়েছি। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে। আমরা আশা করছি, আগামীতেই জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

নিজ নির্বাচনী এলাকায় উন্নয়ন সম্পর্কে ডা. তাহের বলেন, অন্তর্বর্তী সরকার থাকাকালীন এ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছি। নির্বাচন অতিবাহিত হয়েছে মাত্র তিন মাস। এরই মধ্যে এলাকার উন্নয়নের আরও ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি। তিনি প্রশ্ন রেখে বলেন, সবে সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় টিকে যায়, তাহলে এই বরাদ্দ আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।

তিনি বলেন, চৌদ্দগ্রামের মৌলিক সমস্যা কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ী। এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছয় মাস সময় দিলাম। আপনারা অন্য কোনো ব্যবসা খোঁজেন। না হয়, ছয় মাসের পরেও যদি এই রাস্তায় থাকেন, তাহলে বুঝা গেল, আপনারা ইচ্ছে করেই এই রাস্তায় আছেন। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশি না, ভালো মানুষের সংখ্যা বেশি? অবশ্যই ভালো মানুষের সংখ্যা বেশি।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ধরার জন্য আপনারা ঘর থেকে বের হবেন কিনা? বের হলে, সমাজ থেকে অপরাধ কমে যাবে। আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে। তাদেরকে আর ছাড় নয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক আমির আবদুস সাত্তার, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরিফ আজগর/এসএইচএ

বিজ্ঞাপন