বিজ্ঞাপন

জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে জাফলং বেড়াতে আসে রাহি। দুপুরের দিকে তারা নাজিমগড় নৌকাঘাট এলাকায় পিয়াইন নদীতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটার সময় রাহি নদীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাসুদ আহমদ রনি/আরএআর

বিজ্ঞাপন