ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে আবারও গাজীপুরে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তীব্র গরম উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে তাদের কর্মস্থলে ফিরতে দেখা গেছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাজীপুরমুখী মানুষের ভিড় দেখা যায়। উত্তরাঞ্চল থেকে যাত্রীবাহী দূরপাল্লার বাসের সংখ্যাও বেড়েছে।
এর আগে সোমবার (১ জুন) সকাল থেকে কর্মজীবী মানুষের ফেরা শুরু হয়। তবে অধিকাংশ শিল্পকারখানা এখনো চালু না হওয়ায় শ্রমিকদের বড় একটি অংশ এখনো কর্মস্থলে ফেরেননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে টানা আট দিনের ছুটিতে গাজীপুর থেকে বিপুল সংখ্যক মানুষ নিজ নিজ এলাকায় গিয়েছিলেন। ছুটি শেষ হওয়ার আগেই তাদের কর্মস্থলে ফেরা শুরু হয়েছে। ফলে শিল্পনগরী গাজীপুর ধীরে ধীরে তার স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে।
নীলফামারী থেকে আসা আব্দুল্লাহ আল মামুন বলেন, ছয় দিন গ্রামে ছিলাম। হাতে থাকা টাকাও প্রায় শেষ। তাই দ্রুত চলে এসেছি। আগামীকাল থেকে আবার কাজে যোগ দেব।
পোশাককর্মী সোনিয়া আক্তার বলেন, অনেক দিন ছুটি কাটালাম। এবার কারখানা খুললে কাজে মন দিতে হবে। পরিবারের সদস্যদের রেখে কর্মস্থলে ফিরে আসাটাই সবচেয়ে কষ্টের।
ফিরতি পথে কোনো ভোগান্তি হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, বাড়ি যাওয়ার সময় ভাড়া বেশি ছিল, যানজটও ছিল। কিন্তু ফেরার পথে তেমন কোনো সমস্যা হয়নি।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, ঈদের ছুটি শেষে হাজার হাজার মানুষ গাজীপুরে ফিরছেন। তবে মহাসড়কে উল্লেখযোগ্য কোনো যানজট নেই। চন্দ্রা এলাকায় ট্রাফিক ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
আশিকুর রহমান/আরএআর
