বিজ্ঞাপন

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা।

তিনি জানান, গতকাল সোমবার (১ জুন) বিকেল ৩টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটাল বড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। মারধরের পর রাত ৩টার দিকে আজিজুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত আজিজুল উপজেলা বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। 

এ ঘটনায় সোমবার রাতে নিহতের ভাই তাইজুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত মো. জামাল উদ্দিনের ছেলে শামীম (৩৪), ইছব আলীর ছেলে মো. ফকির (৪২), জামাল উদ্দিন (৫৬), জামাল উদ্দিনের ছেলে মো. হৃদয় (২৮) ও মো. শাহিনসহ (৩৫) অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওইদিন রাতেই মামলার প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। 

নিহতের ছোট ভাই তাইজুল ইসলাম জানান, তাদের সাথে অভিযুক্তদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। বিভিন্ন সময় তারা হুমকি দিচ্ছিল। আমাদের পারিবারিক ঝগড়ার পর আমার ভাই আজিজুল রাস্তা পাশে দাঁড়ানো ছিল। এসময় শামীম, জামাল উদ্দিন, হৃদয়, শাহীন ও তাদের সহযোগীরা আজিজুলের ওপর লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আজিজুলের মাথায় এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্চয় সাহা জানান, এ ঘটনায় প্রথমে অভিযোগ করা হয়। পরে রাতে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে আজিজুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আদালতে হত্যার ধারা সংযোজনে আবেদন করা হয়েছে। এর মধ্যে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

আশিকুর রহমান/এসএইচএ