বিজ্ঞাপন

রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু

রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় চলন্ত ট্রেনের ছাদে থাকা এক অজ্ঞাতপরিচয় যুবক রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকাপুর রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলসেতু এলাকায় পৌঁছালে ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামানো হয়। এ ঘটনায় ট্রেন চলাচলে প্রায় ৩০ মিনিট বিলম্ব হয়।

পাংশা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েছি। মরদেহের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর

বিজ্ঞাপন