বিজ্ঞাপন

চাঁদপুরে মরিচের গুঁড়ো ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে মরিচের গুঁড়ো ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরের হাইমচর উপজেলায় ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারধরের এক পর্যায়ে চোখেমুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওমর ফারুক (২২) নামে যুবককে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার উত্তর চরভাঙ্গা (ঢালী বাড়ি) গ্রামের খালেক ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার শিকার ওমর ফারুক ছোট লক্ষীপুর গ্রামে তার নানা হাসমত উল্যাহ মৃধার বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১২টার দিকে হাসমত উল্যাহর পরিবারের সাথে একই বাড়ির প্রতিপক্ষ কুদ্দুস মৃধা (৩০), বিল্লাল মৃধা (২৫), হাসান মৃধা (২৮) ও হাবিব মৃধাসহ (২১) কয়েকজনের এজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে বাগবিতণ্ডা ও ঝগড়া বিবাদ হয়।

এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ হাসমত উল্যাহকে মারধর করতে উদ্যত হলে নাতি ওমর ফারুক ঝগড়া থামাতে এবং বিরোধ মীমাংসা করতে এগিয়ে যান। এ সময় বিবাদীপক্ষের লোকজন হঠাৎ ওমর ফারুক ও তার নানার পরিবারের লোকজনের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। মরিচের গুঁড়োর তীব্রতায় তারা দিশেহারা হয়ে পড়লে, প্রতিপক্ষের মধ্য থেকে একজন ধারালো দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ মারে। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আনোয়ারুল হক/এসএইচএ

বিজ্ঞাপন