টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় ডাম্প ট্রাকের ধাক্কায় মো. নুরুল ইসলাম নূরু (৬৫) নামে এক তাবলিগ জামায়তের আমির নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে ঘাটাইল কলেজ মোড়ে কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুরুল ইসলাম উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা ও বৃহত্তর রসুলপুর ইউনিয়নের প্রয়াত তাজ উদ্দিন চেয়ারম্যানের ভাতিজা। তিনি উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তাবলিগ জামায়তের আমির ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নুরুল ইসলামের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ইয়াকুব আলী (৩৩) সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে মারা গেছেন। সেই বিষয়ে মঙ্গলবার সকালে তিনি টাঙ্গাইল প্রবাসী কল্যাণ ব্যাংকে কাজ শেষে বাড়িতে ফেরার সময় ঘাটাইল কলেজ মোড় চত্বরে কৃষি ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় তেলবাহী একটি ডাম্প ট্রাকের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর পরবর্তী পিতার মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। বাদ এশা কাজলা গ্রামে নুরুল ইসলামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, তেলবাহী ডাম্প ট্রাকের আঘাতে নুরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
আরিফুল ইসলাম/এসএইচএ
