নওগাঁর সাপাহারে একটি সড়কের পাশে অর্ধশতাধিক পশুর চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে জনদুর্ভোগ তৈরি হয়েছে। স্থানীয়দের ধারণা, চামড়ার দাম না পেয়ে কোরবানিদাতারা সেগুলো ফেলে দিয়েছেন।
বুধবার (৩ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের পিছলডাঙ্গা-সাহাবাজপুর সড়কের পাশে জামালের আমবাগানের সামনে প্রায় অর্ধশত গরু, ছাগল ও ভেড়ার চামড়া পড়ে আছে। চামড়াগুলো পচতে শুরু করায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহার দ্বিতীয় দিন রাতে বস্তাভর্তি এসব চামড়া সেখানে ফেলে রাখা হয়। পরদিন কুকুর ও শিয়াল বস্তা ছিঁড়ে ফেললে চামড়াগুলো বেরিয়ে আসে এবং কয়েক দিনের মধ্যে পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।
স্থানীয় বাগান মালিক জামাল হোসেন জানান, প্রতিদিন আশপাশের ২১টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। দুর্গন্ধের কারণে পথচারীদের ভোগান্তি বেড়েছে এবং আমবাগানে শ্রমিকরা বেশিক্ষণ কাজ করতে পারছেন না।
নিয়মিত যাতায়াতকারী শাহবাজপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, এ বছর সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও গ্রামাঞ্চলে তার বাস্তবায়ন হয়নি। দাম না পেয়েই চামড়াগুলো ফেলে দেওয়া হয়েছে বলে তার ধারণা। তিনি দ্রুত চামড়াগুলো অপসারণের দাবি জানান।
সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। চামড়ার মালিক সম্পর্কে নিশ্চিত না হলেও জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মনিরুল ইসলাম শামীম/আরএআর
