বিজ্ঞাপন

কুমিল্লায় বিরল প্রজাতির বানর উদ্ধার, অবমুক্ত হবে গাজীপুর সাফারি পার্কে

কুমিল্লায় বিরল প্রজাতির বানর উদ্ধার, অবমুক্ত হবে গাজীপুর সাফারি পার্কে

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিরল প্রজাতির বানর উদ্ধার করা হয়েছে। বিলুপ্তপ্রায় প্রজাতির এ বানরটির নাম লজ্জাবতি বলে জানিয়েছে বন বিভাগ। মঙ্গলবার (২ জুন) চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামের আবদুল মমিনের বাড়িতে খাঁচাবন্দি করা হয় বানরটিকে।

বুধবার (৩ জুন) সকালে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় বানরটি। পরে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে এনে বানরটির চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে সেটিকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ বৈদ্দেরখিল গ্রামের আবদুল মমিনের বাড়িতে বানরটিকে দেখতে পেয়ে আতংকিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা। আশপাশের লোকজনের সহায়তায় সেটিকে আটক করে খাঁচাবন্দি করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনকে খবর দিলে তিনি বন বিভাগের লোকজন পাঠিয়ে বানরটিকে উদ্ধার করেন।

চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা বানরটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। এসব প্রজাতির বানর সাধারণত বনজঙ্গলে থাকতেই পছন্দ করে। তবে মাঝেমধ্যে খাবারের খোঁজে এরা লোকালয়েও চলে আসতে পারে।

উপজেলা বন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, বানরটি উদ্ধারের সময় শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাই সেটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

আরিফ আজগর/এএমকে