মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের ইজিবাইকচালক আরিফ হোসেন (৩৫), যশোরের ঝিকরগাছার সজিব হোসেনের ছেলে আবরার হোসেন (১১) এবং উত্তর শালিকা গ্রামের মাহিন হোসেনের এক বছর বয়সী কন্যা আফরিন। আহতরা হলেন- মাহিন হোসেন (৩০) ও তার স্ত্রী মুক্তা খাতুন (২৪)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের স্বজন মনিরুল ইসলাম জানান, মাহিন হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ইজিবাইকে করে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে অলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আরিফ হোসেন নিহত হন। এসময় গুরুতর আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে শিশু আবরার হোসেন ও আফরিনের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আরকে
