বিজ্ঞাপন

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, সতর্ক বিজিবি

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, সতর্ক বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারত থেকে ২৮ জন বাংলাদেশিকে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের শূন্য রেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সহকারী পরিচালক রবিউল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের জোয়ানরা এই পুশ ইনের চেষ্টা চালায়। ভুক্তভোগী ২৮ জনের এই দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। এদিকে পুশ ইনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাঙ্গাবাড়ি বিওপির একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়।

বিজিবি সূত্রে আরও জানা যায়,  বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বেশ থমথমে। বিএসএফ সীমান্ত এলাকায় তাদের জনবল বৃদ্ধি করে বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। যার ফলে যেকোনো সময় ওই ব্যক্তিদের আবারও পুশ ইন করার শঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি ব্যাপক হারে জোরদার করা হয়েছে এবং বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুজ্জামান বলেন, গভীর রাতে অমানবিকভাবে ২৮ জনকে সীমান্তে পুশ ইন করে বিএসএফ। খবর পেয়ে শূন্য লাইনে আটকে দেন বিজিবির সদস্যরা। আমরা চাই উভয় দেশের সম্মতি অনুযায়ী এবং যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আশিক আলী/আরএআর

বিজ্ঞাপন