ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ছিলেন দীপেন দেওয়ানের চরম প্রতিদ্বন্দ্বী। এখন সেই বিভেদ ভুলে সদ্য পদত্যাগ করা পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পুনর্বহাল চাইছেন তারা। তারা হলেন- সাবেক দুই প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা ও আবুল বাশার। অভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণেই দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রাঙামাটি শহরের একটি রেঁস্তোরায় সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের এই দুই প্রার্থী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পহেল চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এবং আবুল বাশার গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ছিলেন।
সংবাদ সম্মেলনে পহেল চাকমা বলেন, দীপেন দেওয়ান রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পার্বত্যমন্ত্রী হয়েছিলেন। তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই সসম্মানে তাকে পার্বত্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হোক।
তিনি আরও বলেন, ১৯৯৭ সালের শান্তিচুক্তির ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছে। কিন্তু চুক্তি উপেক্ষা করে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে মন্ত্রণালয়কে বিতর্কিত করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আবুল বাশার বলেন, আমাদের আবেদন থাকবে দীপেন দেওয়ানকে পুনরায় তার মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হোক এবং সুষম বণ্টনের মাধ্যমে পাহাড়ি বাঙালি সকলের মাঝে উন্নয়নের জোয়ার হিসেবে আমরা রাঙামাটিবাসী তাকে ফিরে পেতে চাই।
মোস্তফা কামাল রাজু/এসএইচএ
