নওগাঁ জেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) নওগাঁ নওজোয়ান মাঠে নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর (বুয়েট, রুয়েট ও চুয়েট) সম্মিলিত দল।
টুর্নামেন্টে বুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুস সবুর।
তিনি বলেন, এমন আয়োজনগুলো মিস করা উচিত নয়। জীবনের এক সময় আসবে, যখন খুব চাইলেও বন্ধুদের সঙ্গে এই আনন্দগুলো আর ফিরে পাওয়া যাবে না। সব সময় অন্যের সঙ্গে যুক্ত থাকতে হবে। একাডেমিক জীবন, খেলাধুলা ও বন্ধুত্ব সবকিছু এখন থেকেই ভারসাম্য রেখে চলতে শিখতে হবে। তাহলে পরবর্তী জীবনে বড় সমস্যাও সহজে মোকাবিলা করা যাবে। কখনো প্রাতিষ্ঠানিক অহংকার করবে না।
নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও চুয়েট শিক্ষার্থী সুলতান শাহরিয়া শাফি বলেন, এই টুর্নামেন্ট মূলত ২০২৫-২৬ সেশনে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়েছে। নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সমাজসেবার অনুভূতি জাগ্রত করতে কাজ করছে। এ ধরনের টুর্নামেন্ট সামাজিক বন্ধনকে দৃঢ় করে।
টুর্নামেন্টে স্পনসর ছিল আল আমিন ফিজিক্স কেয়ার ও এনামুল বায়োলজি কেয়ার। মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
উল্লেখ্য, নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা থেকে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন।
আরএআর
