জয়পুরহাটের কালাইয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে দুই বছরের শিশু জোবায়ের এবং পাঁচবিবি উপজেলায় বাসের ধাক্কায় তিন বছরের শিশু হামিম নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পৃথক দুটি দুর্ঘটনায় এই দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু জোবায়ের কালাই উপজেলার কালিমোহর গ্রামের জুয়েলের ছেলে এবং শিশু হামিম পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই পৌরসভার কালিমোহর গ্রামে সকালে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় জোবায়ের। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি ইউডি মামলা হয়েছে।
অন্যদিকে, একইদিন সকাল সাড়ে ৯টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া এলাকায় একটি বাসের ধাক্কায় প্রাণ হারায় তিন বছরের শিশু হামিম। স্থানীয়রা জানান, শিশুটির বাবা শফিকুল ইসলাম ধান শুকানোর জন্য রাস্তা পার হওয়ার সময় হামিমও তার পিছু নেয়। পরে পাঁচবিবির দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চম্পক কুমার/এসএইচএ
