ফেনীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সোনাগাজী উপজেলার বক্তারমুন্সির সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।
পুলিশ, নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও শাওন বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে রাত্রিযাপন শেষে সকালে মোটরসাইকেলে করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মহাসড়কের ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে রেজিস্ট্রেশনবিহীন বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
এমরান পাটোয়ারী নামে নিহত শাওনের এক স্বজন বলেন, শাওন তার কয়েকজন বন্ধুসহ বুধবার রাতে গুলিয়াখালী বিচে ঘুরতে গিয়েছিল। সেখানে রাত্রিযাপন শেষে সকালে ফেনীর উদ্যেশ্য রওনা দেয়। পথিমধ্যে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় তাদের দুইজনের মৃত্যু হয়েছে। সে বাবা-মায়ের একমাত্র ছেলে ছিল। তার এমন মৃত্যুতে সকলে শোকাহত।
এ ব্যাপারে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারেক চৌধুরী/আরএআর
