বিজ্ঞাপন

ময়মনসিংহে অনুমোদনহীন দুই ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা

ময়মনসিংহে অনুমোদনহীন দুই ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও আধুনিক ল্যাব ওয়ান নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির বৈধ লাইসেন্স না থাকায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী সেগুলো সিলগালা করা হয়। পাশাপাশি নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, কোনো ধরনের অনুমোদন ছাড়া ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনা করায় প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়েছে। যথাযথ অনুমোদন নিয়ে আসলে সিলগালা খুলে দেওয়া হবে।

সাখাওয়াত সুমন/এসএইচএ