ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এএসএম খালেকুল আজাদ (৫৬) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খালেকুল আজাদ উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার গাবতলী ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকায় নিজ গ্রামে একটি মসজিদের নির্মাণকাজ তদারকি করছিলেন খালেকুল আজাদ। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত শুরু হলে সেখানে থাকা অন্যরা নিরাপদ স্থানে সরে যান। এ সময় তিনি পাশের একটি আমগাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সায়েম তানভীর বলেন, বজ্রপাতে তিনি আহত হন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
সাখাওয়াত সুমন/আরএআর
