বিজ্ঞাপন

আইভীর বাড়ির সামনে বাড়তি নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

আইভীর বাড়ির সামনে বাড়তি নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়ে নিজ বাসভবনে ফেরার পর তার বাড়ির আশপাশে নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৪ জুন) তার বাড়ির সামনে ও আশপাশের সড়কে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

এর আগে গতকাল বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আইভী নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি চুনকা কুটিরে ফিরে আসেন। দীর্ঘ প্রায় ১৩ মাস কারাভোগের পর তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। 

স্থানীয়দের দাবি, আইভীর বাড়ির সামনের সড়কে আগে কোনো সিসি ক্যামেরা ছিল না। তার মুক্তির রাতেই নতুন করে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে রাতভর অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থানও লক্ষ্য করা গেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক মেয়র হিসেবে আইভীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তার বাসভবনকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বা তার সমর্থকদের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কিনা, সেটিও নজরদারির আওতায় রাখা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জামিনে মুক্ত থাকা অবস্থায় আইভী তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। তবে নিষিদ্ধ সংগঠনের নামে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, শুধু আইভীর বাড়িকে কেন্দ্র করে নয়, পুরো নারায়ণগঞ্জ শহরকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে পুলিশের। এ উদ্যোগের অংশ হিসেবে ভবিষ্যতে নগরীর বিভিন্ন অলিগলিসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রায় দুই হাজার ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে মুক্তির পর বৃহস্পতিবার সকাল থেকেই আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা আইভীর খোঁজ নিতে তার বাসভবনে যেতে শুরু করেন। তবে পরিবারের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে দর্শনার্থীদের উপস্থিতি সীমিত রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় গ্রেপ্তারের পর দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। আদালত থেকে জামিন লাভের পর বুধবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান।

মেহেদী হাসান সৈকত/আরএআর